Jagonews24
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। এ পরীক্ষা শুরুর আগেই ঝরে গেছে বা পরীক্ষা থেকে ছিটকে পড়েছে অন্তত সাড়ে চার লাখ শিক্ষার্থী। তারা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে বাল্যবিয়ে, বিদেশে চলে যাওয়াসহ নানান কারণ উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। সেই হিসাবে এসএসসির আগেই ছিটকে পড়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই বছর আগে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করে ১৩ লাখ ৩৪ হাজার ৩৩৩ জন। এবারের এসএসসি পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ১১ লাখ ৫ হাজারের বেশি। সে অনুযায়ী, ২ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করে তিন লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে দুই লাখ ৩৬ হাজারের বেশি। সে অনুযায়ী- ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী ঝরে গেছে। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এক লাখ ছয় হাজারের কিছু বেশি শিক্ষার্থী। সে অনুযায়ী ঝরে গেছে ৭৭ হাজার শিক্ষার্থী। জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এ নিয়ে আমরা জরিপ ও গবেষণা করছি। সেটি শেষ হলে প্রকৃত কারণ বোঝা যাবে। এ মুহূর্তে নির্দিষ্ট কারণ বলা মুশকিল। বিগত বছরের উদাহরণ দিয়ে তিনি বলেন, গত বছরে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ছিল একটি বড় কারণ। আবার অনেক ছেলে বিদেশে চলে গেছে। মেয়েদের ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা গেছে, এটাই বড় কারণ ছিল।’ গতবারের অনুসন্ধানের পর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব এলাকায় সমস্যা বেশি, যেমন- শরীয়তপুর ও মাদারীপুর, সেখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে, তারা কাজ করছে।’ এদিকে, গতবারের তুলনায় এবার এসএসসিতে ৭৯ হাজার ২৩৫ পরীক্ষার্থী কমেছে। এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। আগেরবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অন্যদিকে এবার অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে উত্তীর্ণ হতে পরীক্ষা দিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে। এএএইচ/এমআরএম
Go to News Site