Jagonews24
আমরা মুখ, হাত বা পায়ের যত্নে যতটা মনোযোগ দিই, পিঠের ক্ষেত্রে ততটা দিই না। অথচ শরীরের এই অংশটিও সমান গুরুত্বপূর্ণ। নিজে নিজে পিঠ পরিষ্কার করা একটু কঠিন হওয়ায় অনেক সময় ঠিকমতো যত্ন নেওয়া হয় না। ফলে ধীরে ধীরে পিঠে কালচে দাগ, রোদে পোড়া ছোপ কিংবা রুক্ষতা দেখা দেয়। বিশেষ করে ব্যাকলেস বা ডিপ-কাট পোশাক পরতে চাইলে সুন্দর, পরিষ্কার পিঠ থাকা জরুরি। তবে সঠিক নিয়মে যত্ন নিলে খুব সহজেই পিঠকে দাগহীন ও উজ্জ্বল রাখা সম্ভব। পিঠে যে কারণে দাগ পড়ে পিঠের ত্বক সাধারণত তেল, ঘাম এবং ময়লা জমার কারণে দ্রুত নোংরা হয়ে যায়। গোসলের সময় অনেকেই পিঠ ঠিকমতো পরিষ্কার করতে পারেন না। এছাড়া সাবান, শ্যাম্পু বা কন্ডিশনারের ফেনা পিঠে লেগে থাকলেও দাগের সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে, বড় গলার জামা বা ব্লাউজ পরলে পিঠ সরাসরি রোদে লাগে। সানস্ক্রিন ব্যবহার না করলে সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকে দাগ ফেলে দেয়। ফলে পিঠ ধীরে ধীরে কালচে হয়ে যেতে পারে। গোসলের সময় সঠিক যত্ন নিন পিঠের যত্ন শুরু হওয়া উচিত গোসলের সময় থেকেই। প্রতিদিন গোসলের আগে পিঠে নারিকেল তেল হালকা করে ম্যাসাজ করে রাখতে পারেন। অন্তত ২০-৩০ মিনিট রাখলে ত্বক তেল ভালোভাবে শোষণ করতে পারে, যা ত্বককে নরম ও মসৃণ রাখে। এরপর লুফা বা ব্রাশে সাবান লাগিয়ে পিঠ ভালোভাবে পরিষ্কার করুন। চেষ্টা করুন যেন কোনো জায়গা বাদ না যায়। বিশেষ করে খেয়াল রাখবেন, সাবান বা শ্যাম্পুর ফেনা যেন পিঠে লেগে না থাকে। গোসল শেষে অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং রুক্ষতা কমে। বডি স্ক্রাব ব্যবহার করুন শুধু মুখের জন্য নয়, পিঠের ত্বকের জন্যও স্ক্রাব খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত ১-২ দিন বডি স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়। ঘরোয়া স্ক্রাব বানাতে পারেন চালের গুঁড়া ও দই মিশিয়ে। এই মিশ্রণটি একটি লম্বা হাতলের ব্রাশে লাগিয়ে পিঠে হালকা করে ঘষুন। এতে ত্বকের জমে থাকা ময়লা পরিষ্কার হয় এবং দাগ কমে। আরও কার্যকর একটি প্যাক বানাতে পারেন-১টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ দই, ২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ মধু এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে। এই মিশ্রণটি পিঠে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টানটান ও সতেজ রাখতে সাহায্য করে। ময়েশ্চারাইজিং খুব জরুরি পিঠের ত্বক অনেক সময় শুষ্ক হয়ে যায়, যা দাগের সমস্যা বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর পিঠে ভালোভাবে ময়েশ্চারাইজার লাগানো উচিত। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম রাখে। রোদ থেকে সুরক্ষা পিঠের যত্নে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো সান প্রোটেকশন। বাইরে বের হওয়ার আগে পিঠে সানস্ক্রিন লাগানো উচিত, বিশেষ করে যদি খোলা পোশাক পরেন। এতে রোদে পোড়া দাগ অনেকটাই কমানো যায়। নিয়মিত যত্নেই মিলবে ফল পিঠের যত্ন নেওয়া খুব কঠিন কিছু নয়, শুধু দরকার নিয়মিত যত্নের। সঠিক যত্ন নিলে আপনি নিশ্চিন্তে ব্যাকলেস বা স্টাইলিশ পোশাক পরতে পারবেন, আর আপনার লুকও হবে আরও আকর্ষণীয়। সূত্র: ভোগ বৃটিশ, গ্ল্যামারস, হিন্দুস্তান টাইমস আরও পড়ুন:ব্লাশ নির্বাচন ভুল হলে সাজ নষ্ট হতে পারে, জেনে নিন সঠিক কৌশল ডিমের কুসুম না সাদা অংশ, ত্বকের যত্নে কোনটি বেশি কার্যকর? এসএকেওয়াই
Go to News Site