Collector
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মোট নিহত ৩ হাজার ৩৭৫ | Collector
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মোট নিহত ৩ হাজার ৩৭৫
Jagonews24

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মোট নিহত ৩ হাজার ৩৭৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। সোমবার (২০ এপ্রিল) ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। তিনি বলেন, এখনো চারটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মাসজেদি জানান, ব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রের তীব্রতার কারণে প্রায় ৪০ শতাংশ মরদেহ প্রথমদিকে শনাক্ত করা যায়নি। পরে তেহরান, ইসফাহান ও হরমোজগানসহ বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞরা এসব মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন। তিনি আরও বলেন, নিহতদের বড় অংশই ছিলেন সাধারণ মানুষ-শিশু, বয়স্ক এবং বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলাকে হৃদয়বিদারক উল্লেখ করে তিনি জানান, ওই ঘটনায় ১৬৮ জনের বেশি শিশু নিহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এতে দেশজুড়ে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন দফায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে। পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা দুই সপ্তাহের জন্য সংঘাত স্থগিত করে। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। প্রথম দফা বৈঠকে চুক্তি না হওয়ার পেছনে মূল কারণ ইরানের দেওয়া দুটি পূর্ব শর্ত। এই শর্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা জানানো হলেও সে বিষয়ে গ্যারান্টি চেয়েছিল ইরান। এরপর আলোচনার দ্বিতীয় দফা বৈঠক আজ সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবার কথা থাকলেও ইরানের পতাকাবাহী তুসকা কার্গো জাহাজ জব্দের ঘটনায় আলোচনায় না বসার কথা জানিয়েছে ইরান। কেএম

Go to News Site