Collector
ক্লান্ত হলেও কাজে মনোযোগ রাখবেন যেভাবে | Collector
ক্লান্ত হলেও কাজে মনোযোগ রাখবেন যেভাবে
Jagonews24

ক্লান্ত হলেও কাজে মনোযোগ রাখবেন যেভাবে

কম্পিউটারের স্ক্রিনে চোখ, সামনে খোলা বই, তবুও মন যেন কোথাও আটকে থাকে না। একের পর এক ক্লাস, অফিসে টানা মিটিং, কাজের চাপ সব মিলিয়ে দিনের শেষে শরীরের পাশাপাশি মনও ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি ধীরে ধীরে মনোযোগ কমিয়ে দেয়, কমে যায় কাজের গতি ও দক্ষতাও। তবে চিন্তার কিছু নেই; কিছু সহজ, বৈজ্ঞানিকভাবে কার্যকর অভ্যাসে খুব সহজেই আপনি আবার ফোকাস ফিরে পেতে পারেন। ছোট বিরতিতে বড় উপকার (মাইক্রোব্রেকস) একটানা দীর্ঘ সময় কাজ করলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে এবং কার্যক্ষমতা কমে যায়। তাই কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া খুব জরুরি। প্রতি ৩০ থেকে ৪০ মিনিট কাজের পর ১-২ মিনিটের জন্য চেয়ার থেকে উঠে দাঁড়ান, হালকা হাঁটাহাঁটি করুন বা শরীরটাকে একটু স্ট্রেচ করুন। এতে শরীরের রক্তসঞ্চালন বাড়ে এবং মস্তিষ্ক নতুন করে কাজ করার শক্তি পায়। সময়কে ভাগ করে নিন (পমোদরো পদ্ধতি) সময় ব্যবস্থাপনার একটি জনপ্রিয় কৌশল হলো ‘পমোদরো টেকনিক’। ইতালীয় উদ্ভাবক ফ্রান্সেস্কো চিরিল্লো এই পদ্ধতিতে ২৫ মিনিট মনোযোগ দিয়ে কাজ করার পর ৫ মিনিট বিরতি নেওয়ার পরামর্শ দেন। এভাবে কাজ করলে মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে সতেজ থাকে এবং ক্লান্তি কম অনুভূত হয়। ফলে একই সময়ে বেশি কাজ শেষ করা সম্ভব হয়। কাজের পরিবেশে আলো ঠিক রাখুন আপনার কাজের জায়গার আলো মনোযোগের ওপর সরাসরি প্রভাব ফেলে। অল্প আলো বা অন্ধকার পরিবেশ ঘুমঘুম ভাব তৈরি করতে পারে, যা কাজে বিঘ্ন ঘটায়। দিনের বেলা প্রাকৃতিক আলোয় কাজ করার চেষ্টা করুন। আর সন্ধ্যার পর পর্যাপ্ত উজ্জ্বল আলো ব্যবহার করুন, যাতে চোখে চাপ না পড়ে এবং মন সতেজ থাকে। চোখের যত্নে ২০-২০-২০ নিয়ম দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে পড়ে, যার প্রভাব পড়ে মনোযোগে। এ সমস্যা এড়াতে ২০-২০-২০ নিয়ম অনুসরণ করতে পারেন। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখের চাপ কমে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়। শ্বাস-প্রশ্বাসে ফিরে আসুক প্রশান্তি (৪-৭-৮ পদ্ধতি) ক্লান্তি বাড়লে শ্বাস-প্রশ্বাস অগভীর হয়ে যায়, যা শরীর ও মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এ সময় ৪-৭-৮ পদ্ধতি বেশ কার্যকর। ৪ সেকেন্ডে শ্বাস নিন, ৭ সেকেন্ড ধরে রাখুন এবং ৮ সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন। কয়েকবার এভাবে করলে মস্তিষ্ক দ্রুত শান্ত হয়, মানসিক চাপ কমে এবং নতুন করে কাজের প্রতি মনোযোগ বাড়ে। আরও পড়ুন:  টয়লেটে ফোন স্ক্রল? এই অভ্যাসেই হতে পারে পাইলস নিরাপদ ভাবছেন? ই-সিগারেটেও লুকিয়ে ক্যানসার ঝুঁকি আখের রস কি হিট স্ট্রোক থেকে বাঁচায়? সঠিক খাবারে বাড়ুক মনোযোগ খালি পেটে কাজ করলে শরীরে শক্তির ঘাটতি দেখা দেয়, ফলে মনোযোগ কমে যায়। তাই কাজের ফাঁকে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। বাদাম, মৌসুমি ফল, বেরি জাতীয় খাবার, সালাদ কিংবা সামান্য ডার্ক চকলেট এসব খাবার রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে। সর্বোপরি ক্লান্তি আমাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। কিন্তু সঠিক অভ্যাস গড়ে তুললে এই ক্লান্তিকেও জয় করা সম্ভব। ছোট ছোট পরিবর্তনই আপনার কাজে বড় পার্থক্য এনে দিতে পারে, ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া মনোযোগ ও কর্মদক্ষতা। তথ্যসূত্র: মায়ো ক্লিনিক জেএস/

Go to News Site