Somoy TV
এক সরকারের দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের টিকা কর্মসূচিতে ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় একটি ধ্বংসস্তূপের মতো স্বাস্থ্য খাত হাতে পেয়েছে। তিনি বলেন, পুরোনো অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব, এমন এক ভগ্নপ্রায় স্বাস্থ্যব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এক সরকারের ১৫ বছরের সীমাহীন জঞ্জাল আর অন্য সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।'তিনি আরও বলেন, সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সময়মতো শিশুদের টিকা দেওয়া হলে এই সংক্রামক ব্যাধি সহজেই প্রতিরোধ করা যেত, কিন্তু বিগত বছরগুলোতে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'পুরো দেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছি। এরই মধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের ৫টি সিটি কর্পোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।আরও পড়ুন: দেশের স্বাস্থ্য ব্যবস্থা ‘বিয়ন্ড রিপেয়ার’: স্বাস্থ্য প্রতিমন্ত্রীড. এম এ মুহিত আশাবাদ ব্যক্ত করে বলেন, 'ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, আগামী এক মাসের মধ্যে দেশের আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে এবং আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠব।'অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
Go to News Site