Somoy TV
নির্বাচনে অবৈধতার অভিযোগ তুলে বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ার পর গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটিকে দায়িত্ব দেয়া হয় ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন দিতে। তবে তামিমরা পরিকল্পনা করছেন তার আগেই নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।এনএসসি থেকে বেঁধে দেয়া সময়সূচি অনুযায়ী, নির্বাচন দেওয়ার জন্য আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় পাবেন তামিমরা। তবে সেই সময়ের এক মাস আগেই নির্বাচনের আনুষ্ঠানিকতা সারতে চান তামিম। আজ (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম জানান, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দিতে চায় তার বোর্ড। আরও পড়ুন: ভারত ও অস্ট্রেলিয়ার প্রস্তাব পেয়েও দেশ ছাড়েননি রশিদ খান আজ ম্যাচ চলাকালে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপ করতে প্রেসবক্সে আসেন তামিম। সেখানে আলাপচারিতার ফাঁকে বলেন, 'আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই, সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করব।' তামিম আরও বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সে ক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলব।’ আরও পড়ুন: বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয় রাখার নিয়মও ফেরাতে চান বলে জানিয়ে তামিম বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে।’ এ সময় নিজের বল বয় থাকার সময়ের স্মৃতিও মনে করেন বিসিবি সভাপতি, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।
Go to News Site