Collector
ঢাবির ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সমঝোতা, বিজ্ঞানভিত্তিক কনটেন্টে নতুন উদ্যোগ সময় আর্থের | Collector
ঢাবির ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সমঝোতা, বিজ্ঞানভিত্তিক কনটেন্টে নতুন উদ্যোগ সময় আর্থের
Somoy TV

ঢাবির ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সমঝোতা, বিজ্ঞানভিত্তিক কনটেন্টে নতুন উদ্যোগ সময় আর্থের

বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং জনসচেতনতার মধ্যে সংযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সময় টিভি এর বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সময় আর্থ’।সোমবার (২০ এপ্রিল) এই সমঝোতা সম্পন্ন হয়। এই সময় উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের হেড অফ ডিজিটাল আলি আশফাক এবং ইসিএন ডেস্কের লিড এ জে সাগর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির অধীনস্থ ভূতত্ত্ব বিভাগের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞানকে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্যভাবে তুলে ধরার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর বদরুদ্দোজা বলেন, এই উদ্যোগ দেশে সায়েন্স এডুকেশন এবং কমিউনিকেশনের ক্ষেত্রে একটি ‘ট্রেডমার্ক’ হয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান বিনিময় আরও শক্তিশালী হবে।আরও পড়ুন: প্রকৃতি ও রহস্যময় পৃথিবীর খবরাখবর নিয়ে যাত্রা শুরু করল Somoy Earthসমঝোতার আওতায় বিভাগের ল্যাবরেটরি, মিউজিয়াম, ফসিল, শিলা ও খনিজসহ বিভিন্ন বৈজ্ঞানিক উপকরণ নিয়ে উচ্চমানের কনটেন্ট তৈরি করা হবে। এছাড়া বিভাগের শিক্ষক ও গবেষকরা এসব বিষয় ব্যাখ্যা করতে সরাসরি অংশগ্রহণ করবেন, যাতে তথ্যের যথার্থতা ও গভীরতা নিশ্চিত করা যায়।সময় টিভির কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ দেশের শিক্ষা ও গবেষণা খাতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। গবেষণা, একাডেমিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতাকে একত্র করে গণমাধ্যমের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া হবে, যা নীতিনির্ধারণী পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।উল্লেখ্য, পরিবেশ, জলবায়ু, প্রকৃতি ও পৃথিবী বিষয়ক তথ্য, গবেষণা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণকে সহজভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে সময় আর্থ দেশের প্রথম বিশেষায়িত প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশসহ এশিয়া এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ু ইস্যুগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।

Go to News Site