Jagonews24
নাহিদ রানার তোপের মুখে এমনিতেই মাত্র ১৯৭ রানেই গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর সেটা ডিফেন্ড করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে কিউই বোলাররা। শেষ পর্যন্ত ৫৮ বলে ৪ ছক্কা ও ১০ চারে ৭৬ রান করেন তামিম। বাংলাদেশ জয় পায় ১৪.৩ ওভার হাতে রেখে। ম্যাচ শেষে কিউই ব্যাটার নিক কেলি স্বীকার করেন শুরুতেই তামিম তাদের চাপে ফেলে দিয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেলি বলেন, ‘হ্যাঁ, ও একদম খাঁটি (প্রপার) খেলোয়াড়। এই প্রথম ওকে সরাসরি খেলতে দেখলাম। এর আগে টিভি আর অনলাইনে কিছুটা দেখেছি। ও দারুণ শট খেলে, শুরুতেই আমাদের বোলারদের চাপে ফেলে দিয়েছিল। রান তাড়া করার কাজটা (বাংলাদেশের জন্য) ও অনেকটা সহজ করে দিয়েছে।’ উইকেটের আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের ব্যাটিং কৌশলের প্রশংসা করেন। তার মতে, নিউজিল্যান্ড যেখানে ছিল রক্ষণাত্মক, সেখানে বাংলাদেশ দেখিয়েছে সাহসী মনোভাব। কেলি বলেন, ‘উইকেটে বাউন্স ছিল, তবে শুরুর সেই সুইং দ্রুতই কমে গিয়েছিল। আমাদের আর বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনটা ছিল একদম আলাদা। আমরা কিছুটা রক্ষণাত্মক ছিলাম, উইকেট ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশের ছেলেরা প্রথম থেকেই অনেক বেশি ইতিবাচক মেজাজে ব্যাটিং করেছে এবং আমাদের চাপে রেখেছে। তামিম সত্যিই দারুণ একটা ইনিংস খেলেছে।’ সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এমন বড় হারের ধাক্কা কিউইদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি। শেষ ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড বেশ আশাবাদী। তৃতীয় ওয়ানডের পরিকল্পনা নিয়ে কেলি বলেন, ‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। মাত্র দুদিন আগেই তো আমরা দারুণ খেলে প্রথম ম্যাচটা জিতলাম। এই ম্যাচ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। কাগজে-কলমে এটা একটা বড় হার মনে হতে পারে, কিন্তু আমরা যদি ইনিংসের শেষে আর ৪০-৫০ রান বেশি করতে পারতাম, তবে এই রান তাড়া করাটা তাদের জন্য বেশ কঠিন হতো। এখন আমরা দ্রুত এটা ভুলে গিয়ে বিশ্রাম নেব এবং সিরিজের অঘোষিত ফাইনালের জন্য মুখিয়ে থাকব।’ এসকেডি/এমএমআর
Go to News Site