Collector
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ | Collector
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ
Somoy TV

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

ত্রয়োদশ জাতীয় সংসদের নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ। তার এই মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় সম্প্রদায়ের পাশাপাশি সর্বস্তরের মানুষের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।আন্না মিনজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলের কৃতী সন্তান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গমেজের স্ত্রী। তিনি এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, সোমবার (২০ এপ্রিল) এমন খবর পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিচ্ছেন ওই অঞ্চলের খ্রিস্টান ও নৃগোষ্ঠীর নেতারাসহ সর্বস্তরের জনগণ। মনোনয়নপ্রাপ্ত আন্না মিনজের স্বামী অ্যাডভোকেট জন গমেজ নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী পরিচয় দিয়ে তার ফেসবুক পোস্টে লেখেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত নাটোরের প্রার্থী আন্না মিনজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সম্মানিত মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আন্না মিনজকে মনোনয়ন দেয়ায় এবং তাদের সুদূরপ্রসারী চিন্তা, নেতৃত্ব ও তার ওপর আস্থার জন্য আমরা পরিবার ও সম্প্রদায়ের পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।' তিনি আরও লেখেন, 'আন্না মিনজ খ্রিস্টান ও নৃগোষ্ঠী জাতিসত্তা উভয় সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য ও গর্বিত প্রতিনিধি। আন্না ব্যক্তি, পারিবারিক ও কর্মজীবনে একজন দক্ষ এবং সফল নেতৃত্ব। আপনারা সবাই আন্নার জন্য দোয়া ও শুভকামনা রাখবেন। তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারেন।' আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির ৯ জন সাবেক এমপি, ২৭ নতুন মুখ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অমর ডি কস্তা ইনস্টাগ্রামে লিখেছেন, 'দেশের সব ধর্ম-বর্ণ-সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন মহান সংসদ গড়ার চেষ্টা করছে এবং তাতে সফল ও প্রশংসিত হচ্ছে। আন্না মিনজ একজন সফল ও সুযোগ্য নারী নেত্রী। তার নেতৃত্ব এই দুই উপজেলার অতি সাধারণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনবে।' বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া বলেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আন্না মিনজ এমপি হিসেবে মনোনয়ন পাওয়াটাও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া ও বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতাদের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।' জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ নাকরা বলেন, 'সংসদে অধিকার বঞ্চিত নৃগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি অবশ্যই থাকা দরকার। বর্তমান বিএনপি সরকারের এই উদার, নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই। ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়াসহ সব নীতিনির্ধারককে। আশা করি আন্না মিনজ নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য ও প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।'

Go to News Site