Collector
ডিজিটাল প্রশাসন গড়তে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা | Collector
ডিজিটাল প্রশাসন গড়তে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা
Somoy TV

ডিজিটাল প্রশাসন গড়তে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নানামুখী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ করে ডিজিটাল গভর্নেন্স এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ের মিনজো হোটেলে স্থানীয় সময় সকাল ১০টায় এক সেমিনারে এ সহযোগিতা চান তিনি। আইডিজিপিসি আয়োজিত চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক ওই সেমিনারে তিনি বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেমিনারে চীনের বিশেষজ্ঞ দল দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিএনপির প্রতিনিধি দলকে অবহিত করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ন্যাশনাল একাডেমি অব চাইনিজ মডার্নাইজেশন এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক জু সিউজুন। সেমিনারে চীনের বিশেষজ্ঞ দল তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করে। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়ন, মনিটরিং, জনগণের অংশগ্রহণ এবং নীতিনির্ধারণের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে সেখানে আলোচনা করা হয়। আরও পড়ুন: এক চীন নীতিতে মির্জা ফখরুলের সমর্থন এ সময় জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে যে ম্যাজিক্যাল উন্নতি করেছে এবং এজন্য যে সমন্বিত ও পরিশুদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’ এ সময় তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ই-গভর্ন্যান্সের মতো ক্ষেত্রগুলোতে চীনের সহযোগিতা কামনা করেন। একই দিন দুপুরে বাংলাদেশের প্রতিনিধি দলটি বেইজিংয়ে চীনের বিখ্যাত ‘রোবট এক্সিবিশন’ পরিদর্শন করে। এর আগের দিন তারা চীনের বিখ্যাত ভেষজ ও স্বাস্থ্যপণ্য শিল্প প্রতিষ্ঠান জিউক্সিয়ানজুন হুওশান ডেনড্রোবিয়াম কোম্পানি লিমিটেড পরিদর্শন করে। কোম্পানিটি দুষ্প্রাপ্য ও উচ্চমূল্যের ডেনড্রোবিয়াম প্রজাতির ভেষজ উদ্ভিদ চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে চীনজুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছে। উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চীন পৌঁছায় বিএনপির ১৯ সদস্যের এই প্রতিনিধি দল।

Go to News Site