Somoy TV
যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর নৌ-অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ‘শোজায়ে-২’ নামের একটি ইরানি কার্গো জাহাজ। সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এমনটাই জানা গেছে।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি সফলভাবে নিজেদের রুট ধরে ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় জানায়, স্বাধীনভাবে তাসনিম নিউজের এই দাবির সত্যতা যাচাই করা না গেলেও বৈশ্বিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, জাহাজটি বর্তমানে সত্যিই হরমুজ প্রণালীতে অবস্থান করছে। মেরিন ট্রাফিকের ডেটা অনুযায়ী, শোজায়ে-২ জাহাজটির গন্তব্য ভারত। আরও পড়ুন: হুমকির মুখে মাথা নোয়াবে না ইরান, আজই চুক্তির আশায় ট্রাম্প উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের কথা জানান। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে ইরানি কার্গো জাহাজের এই অবাধ চলাচল আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Go to News Site