Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মেসার্স সেলিনা ট্রেডার্সে জেলা প্রশাসন ও র্যাব-১১’র অভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। র্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. আব্দুর রশিদ জানান, মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ ও মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে সরকারের বৈধ অনুমোদন ও কাগজপত্র ছাড়াই খোলাবাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। আরও পড়ুন: আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখানো যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স শরিফুল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
Go to News Site