Somoy TV
কক্সবাজারে পৃথক দুটি স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২০ এপ্রিল) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে, এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়, সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পানিতে ডুবে রিনা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবার নাম রফিক এবং মায়ের নাম আখি মনি। আরও পড়ুন: শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু জানা গেছে, বিকেলে মায়ের সঙ্গে কাপড় পরিষ্কার করতে গিয়ে একসময় মায়ের চোখের আড়াল হয়ে যায় রিনা। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের পুকুরে থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ওয়াসিম (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়াসিম তার নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Go to News Site