Collector
চুক্তি না হলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের | Collector
চুক্তি না হলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
Jagonews24

চুক্তি না হলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

নির্ধারিত সময়ে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ এপ্রিল) টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা মনে করছি। চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করবো না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’। ব্লুমবার্গের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না। অবশ্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁকে পাঁচবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তিনবার তিন ধরনের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। তবে সর্বশেষ বক্তব্যে এ বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। সূত্র: সিএনএন এসএএইচ

Go to News Site