Jagonews24
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. কুদরত-ই-খুদা হোস্টেলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন ও র্যাগিংয়ের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৈধ সিট নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে ‘ম্যানার শেখানো’ বা ‘পরিচয় পর্ব’-এর নামে পুনরায় গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা গেস্টরুম প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমের সূত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সার্জেন্ট জহুরুল হক হল-সংযুক্ত ড. কুদরত-ই-খুদা হোস্টেলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওপর ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ‘পরিচয় পর্ব’-এর নামে মানসিক নির্যাতন চালাচ্ছেন। বিশেষ করে ১০০৩ ও ১০০৪ নম্বর কক্ষ এবং ডাইনিং হলে রাতে এ কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, নবীন শিক্ষার্থীদের জোরপূর্বক সালাম দেওয়া ও নির্দিষ্ট পদ্ধতিতে পরিচয় দিতে বাধ্য করা হয়। এমনকি তাদের সামনে সহপাঠী নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা যৌন হয়রানির শামিল। এছাড়া নির্দেশ না মানলে তাদের আরও সিনিয়রদের কাছে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় ছাত্রশক্তি অভিযোগ করে, গেস্টরুম চলাকালে ছাত্রদলের পরিচয়ধারী কয়েকজন উপস্থিত ছিলেন। তারা মনে করেন, অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের সময় চালু হওয়া গেস্টরুম সংস্কৃতি আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের স্থায়ীভাবে হল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, গণরুম-গেস্টরুম বা র্যাগিংয়ের মতো যে কোনো নির্যাতনমূলক সংস্কৃতির বিরুদ্ধে ক্যাম্পাসের সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এফএআর/ইএ
Go to News Site