Somoy TV
দীর্ঘ প্রায় দেড় দশকের সফল যাত্রার পর প্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। সোমবার (২০ এপ্রিল) অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টিম কুক অ্যাপলের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।অ্যাপল কর্তৃপক্ষ’র ঘোষণা অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সিইও‘র দায়িত্ব পালন করে যাবেন ৬৫ বছর বয়সি টিম কুক। তারপর থেকে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জন টার্নাস। আমাজন ও নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতাদের মতো টিম কুক নীতিনির্ধারণী পর্যায়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন, বিশেষ করে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে। আরও পড়ুন: এআই বটদের ‘আলাপের প্ল্যাটফর্ম’ মল্টবুক কিনে নিল মেটা এদিকে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হতে যাওয়া ৫০ বছর বয়সি টার্নাস দীর্ঘ ২৫ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। আইপ্যাড, এয়ারপডস এবং আইফোনের বিভিন্ন প্রজন্মের পণ্য তৈরিতে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। কুক তাকে একজন ‘ইঞ্জিনিয়ারের মস্তিষ্ক ও উদ্ভাবকের আত্মা’ সম্পন্ন নেতা হিসেবে অভিহিত করেছেন। ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর পর টিম কুক অ্যাপলের সিইও’র দায়িত্ব নেন। কোম্পানির ওয়েবসাইটে দেয়া এক খোলা চিঠিতে কুক লিখেছেন, ‘অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করা এবং এই অসাধারণ কোম্পানিকে নেতৃত্ব দিতে পারা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।’ আরও পড়ুন: সামাজিক মাধ্যম আসক্তি সংক্রান্ত মামলায় মেটার নীতির পক্ষে সাফাই জাকারবার্গের ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন টিম কুক। ধাপে ধাপে তিনি শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থাপনা পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখেন। তথ্যসূত্র: অ্যাপল নিউজরুম
Go to News Site