Somoy TV
গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না করায় বিদ্যালয় কক্ষে তালা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এসময় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করে এবং বিদায় অনুষ্ঠান পন্ড হয়ে যায়।রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপি'র ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আওয়াল লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়া হয়নি কারণ জানতে চান৷ এসময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়। এতে করে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পরে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছুটাছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। আরও পড়ুন: গাজীপুরে কৃষকদল নেতার ওপর ‘নৃশংস’ হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলা এরপর বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষে এবং প্রধান শিক্ষককের কক্ষে তালা ঝুলিয়ে দেন। ঘণ্টা খানেক পর আবার বিদ্যালয়ে এসে তালা খুলে দেন। বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন, আরমান আওয়াল হাশেম ও মান্নানের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান পন্ড করে দেয় তাদেরকে দাওয়াত না দেয়ার অজুহাতে। তারা প্রত্যেকেই বিএনপির ওয়ার্ড কমিটির নেতা। অনুষ্ঠান পন্ড করে হুমকি দিয়ে যায় এবং শিক্ষকদের অফিসকক্ষ তালাবদ্ধ করে যায়।এ বিষয়ে অভিযুক্ত কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। আরও পড়ুন: গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকা নিহত এদিকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জে়লা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site