Collector
সংরক্ষিত নারী আসনে খেলাফত মজলিসের প্রার্থী কে মাহবুবা হাকিম? | Collector
সংরক্ষিত নারী আসনে খেলাফত মজলিসের প্রার্থী কে মাহবুবা হাকিম?
Jagonews24

সংরক্ষিত নারী আসনে খেলাফত মজলিসের প্রার্থী কে মাহবুবা হাকিম?

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম নাম ঘোষণা করা হয়েছে। তালিকা প্রকাশের পর তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে কে মাহবুবা হাকিম?গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তার পরিচিতি তুলে ধরা হয়েছে। দলটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাদের মনোনীত প্রার্থী মাহবুবা হাকিম একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ এবং দ্বীনি খিদমতে নিয়োজিত সমাজসেবী। দলীয় তথ্যমতে, তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ উত্তীর্ণ হন। অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তিও অর্জন করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে দক্ষতা রয়েছে বলে জানিয়েছে দলটি। বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন। ছাত্রজীবনে আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায়ও সুনাম অর্জন করেন মাহবুবা হাকিম। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন, মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ের বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।আরএএস/জেএইচ

Go to News Site