Jagonews24
বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সাব-স্টেশনের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় ২০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। সাব-স্টেশনের নির্মাণকাজ শেষ হলে প্রায় ৩০ হাজার গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন আগে একটি সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। এরপর পর থেকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলে বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করে। সাব-স্টেশনের অভাবে উপজেলার দক্ষিণ এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজে ভুগছেন প্রায় অর্ধ লাখ গ্রাহক। ভোল্টেজ ওঠা-নামার কারণে নষ্ট হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইলেকট্রনিক সামগ্রী। ফলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে পাকা সড়কের পাশে ১০ কেভি নতুন সাব-স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বগুড়া-৫ আসনের এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের নির্দেশনায় এই কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমি ক্রয়, মাটি ভরাট, বিদ্যুৎ লাইন উন্নয়ন, ট্রান্সফর্মার স্থাপন, সাব-স্টেশন নির্মাণসহ বিদ্যুৎ সঞ্চালন নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে এ কাজে ব্যয় ধরা হয় প্রায় ১৫ কোটি টাকা। এই সাব-স্টেশন চালুর ফলে এলাকার দীর্ঘদিনের ভোল্টেজ সমস্যা ও ঘন ঘন লোডশেডিং অনেকটাই কমে আসবে। আগে যেখানে দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি ছিল, এখন পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন। পল্লী বিদ্যুৎ ধুনট জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা বলেন, এলাকায় বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাব-স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে এই সাব-স্টেশনটি চালু করা হবে। দ্রুত সময়ের মধ্যে অন্যান্য এলাকাতেও এমন উন্নয়ন কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ জানান, এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে নতুন সাব-স্টেশন নির্মাণের উদ্যোগটি সময়োপযোগী পদক্ষেপ। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে, কমবে লোডশেডিং, আর শিল্প ও কৃষি খাতেও আসবে নতুন গতি। দ্রুত কাজ শেষ করে জনগণের ভোগান্তি লাঘবের আশ্বাসও দেন তিনি। এল.বি/এফএ/জেআইএম
Go to News Site