Jagonews24
যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মজুতকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। মজুতকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে মজুতকরা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুত করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিলন রহমান/এএইচ/এএসএম
Go to News Site