Collector
২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ, কেন্দ্রসচিবকে অব্যাহতি | Collector
২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ, কেন্দ্রসচিবকে অব্যাহতি
Somoy TV

২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন পুরানো প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের ঘটনায় কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে অব্যাহতি দেয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভুল প্রশ্নপত্রের পরীক্ষা বাতিল করে নতুন সিলেবাসের প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেয়া হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত) প্রশ্নপত্র দেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীরা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ খবর বাইরে জানাজানি হলে অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র ফেরত নিয়ে শিক্ষার্থীদের ২০২৬ সালের প্রশ্নপত্র দেয়া হয়। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নতুন সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন এবং অনুমোদনক্রমে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই তাদের কাছ থেকে খাতা নিয়ে নেয়া হয়েছে, যার কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। আরও পড়ুন: এসএসসির পাঁচ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্ন নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীদের অপচয় হওয়া সময় পূরণ করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিব মতিন সরকারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিভাবকরা। তাদের অভিযোগ, কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারণেই ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই চরম ভুলের কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ক্ষতিগ্রস্ত হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

Go to News Site