Somoy TV
চট্টগ্রামের ঘটনা নিয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রামের ঘটনা নিয়ে পোস্ট করেন তিনি।সময় সংবাদের পাঠকদের জন্য তার সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শুরু থেকেই একটি সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে। বাস্তব চিত্র হলো– শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্ট দেখা গেছে, চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার তামিম ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিচ্ছে। অথচ এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও নিন্দনীয়। শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে এক রূপ আর অন্তরালে ভিন্ন কৌশল– এটি তাদের পুরোনো চরিত্র। এখন প্রশ্ন হলো, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন? বাস্তবতা যতই আড়াল করার চেষ্টা হোক, তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট। এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে। শিবিরের এই নৃশংস হামলায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশ্বস্ত করছি, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে। ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা অচিরেই সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে। সংগ্রাম ও সৌন্দর্যের মেলবন্ধনে ছাত্রদল ফিরিয়ে আনবে শান্তি, শৃঙ্খলা ও বিশ্বাসের নতুন বাংলাদেশ। ইনশাআল্লাহ। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দেয়ালে ‘গুপ্ত’ লেখা রাজনৈতিক স্লোগান পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কলেজের অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আরও পড়ুন: দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি জানান, দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রশিবিরের সভাপতির অশালীন মন্তব্যের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। সমাধানের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি, উল্টো বহিরাগতরা এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে।তিনি দাবি করেন, শিবিরের হামলায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঁইয়া, নাজিম উদ্দীন ও মিসকাতসহ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ইসমাইল হোসেন ভূঁইয়ার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে তাকে চারটি সেলাই দেয়া হয়েছে।অন্যদিকে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ অভিযোগ করেন, ছাত্রদল পরিকল্পিতভাবে শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শিক লড়াইয়ের পরিবর্তে ছাত্রদল শক্তি প্রয়োগ করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা দুঃখজনক। ছাত্রদলের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে তিনি জানান, বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, ‘দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
Go to News Site