Somoy TV
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসন প্রকল্পসহ অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় আবাসিকের দুই গ্রাহককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি, উত্তর আজিবপুর ও ভূমিপল্লী আবাসিক এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।জানা যায়, বিল বকেয়া থাকায় এবং নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করায় উত্তর আজিবপুর এলাকায় ৩০টি এবং ভূমিপল্লী আবাসিক এলাকায় ২০টিসহ অর্ধশতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ১০০ ফুট অবৈধ পাইপ, বেশ কিছু রাইজার ও বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া দুজন আবাসিক গ্রাহককে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নঅভিযানে আরও উপস্থিত ছিলেন: তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, রাজস্ব শাখা ব্যবস্থাপক পার্থ বিশ্বাস, ইমার্জেন্সি শাখা ব্যবস্থাপক এমদাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।এ বিষয়ে তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহার বন্ধে আমরা দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমরা যেখানে অবৈধ সংযোগের খবর পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি। আমরা নিয়মিত মামলাসহ অভিযুক্তদের হাতেনাতে পেলে জেল জরিমানাও করছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।’
Go to News Site