Collector
দেশে এই প্রথম ভেহিকেল-পুলিং অ্যাপ ‘যাইগো’ আনলেন বুয়েট শিক্ষার্থীরা | Collector
দেশে এই প্রথম ভেহিকেল-পুলিং অ্যাপ ‘যাইগো’ আনলেন বুয়েট শিক্ষার্থীরা
Somoy TV

দেশে এই প্রথম ভেহিকেল-পুলিং অ্যাপ ‘যাইগো’ আনলেন বুয়েট শিক্ষার্থীরা

প্রতিদিন একা যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অনেক সময় দুই থেকে চার গুণ বেশি ভাড়া গুনতে হয়। অথচ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেট কারের অর্ধেকেরও বেশি আসন থাকে ফাঁকা। এই অপচয় হওয়া সক্ষমতাকে কাজে লাগিয়ে যাত্রীদের খরচ কমানো এবং শহরের যানজট হ্রাসের লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভেহিকেল-পুলিং অ্যাপ ‘যাইগো’।এই অ্যাপটি একই সময়ে এবং একই রুটে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে সংযোগ স্থাপন করে। ফলে একাধিক যাত্রী একসঙ্গে রিকশা, সিএনজি বা গাড়িতে শেয়ার করে যাতায়াত করতে পারেন এবং মোট ভাড়া নিজেদের মধ্যে ভাগ করে নেন। এর মাধ্যমে যাত্রীরা প্রায় ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভাড়া সাশ্রয় করতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অ্যাপটি ভাড়ার ওপর কোনো কমিশন গ্রহণ করে না। নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে ‘যাইগো’ অ্যাপে। এতে রয়েছে ব্যবহারকারী যাচাইকরণ বা ইউজার ভেরিফিকেশন, লাইভ ট্র্যাকিং এবং জরুরি কলের সুবিধা। বিশেষ করে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে ‘জেন্ডার প্রেফারেন্স’ বা লিঙ্গ পছন্দের অপশন সংযোজন করা হয়েছে। ঢাকার তীব্র যানজট দীর্ঘদিনের একটি বড় সমস্যা। ‘যাইগো’ এই সমস্যার সমাধানে বিদ্যমান যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এমন উদ্যোগ পরিবহন খাতে টেকসই সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। আরও পড়ুন: ‘ফুয়েল পাস অ্যাপ’ নিয়ে সুখবর দিলো জ্বালানি মন্ত্রণালয় এই উদ্ভাবনী স্টার্টআপটির পেছনে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের তিন শিক্ষার্থী জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ এবং আবুল বাসার। তারা বর্তমানে একই বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং নগর পরিবহন সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজতেই এমন উদ্যোগ নিয়ে কাজ করছেন। গত জানুয়ারিতে গুগল প্লে স্টোর এবং হুয়াওয়ে অ্যাপগ্যালারিতে উন্মুক্ত হওয়ার পর থেকেই অ্যাপটি ব্যাপক সাড়া পেয়েছে। ইতোমধ্যে ব্যবহারকারীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া উন্মুক্ত হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ নেটওয়ার্ক ‘এফসিক্সএস’-এ শীর্ষ ৪ রাইড হেইলিং কোম্পানি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে ‘যাইগো’। ভবিষ্যতে এই অ্যাপটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Go to News Site