Collector
স্মিথ-টার্নারের দৃঢ়তায় প্লে-অফের দোরগোড়ায় সুলতানস | Collector
স্মিথ-টার্নারের দৃঢ়তায় প্লে-অফের দোরগোড়ায় সুলতানস
Somoy TV

স্মিথ-টার্নারের দৃঢ়তায় প্লে-অফের দোরগোড়ায় সুলতানস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরম্যান্সে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেছে মুলতান সুলতানস। দুর্বল পারফরম্যান্সের ধারাবাহিকতা টেনে নেওয়া রাওয়ালপিন্ডিজকে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের দল হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না। এ নিয়ে টানা অষ্টম ম্যাচে হারল তারা। মঙ্গলবার (২১ এপ্রিল) ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি রাওয়ালপিন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ধুঁকতে থাকে তারা। প্রথম পাঁচ ওভারে আসে মাত্র ১৯ রান, ততক্ষণে হারায় দুই উইকেট। অধিনায়ক রিজওয়ানও ছিলেন ছন্দহী, ২৯ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত স্টাম্পড হয়ে ফেরেন তিনি। দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। ৪৬ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে কিছুটা ভরসা দেন তিনি। শেষদিকে ডিয়ান ফরেস্টারের ঝড়ো ব্যাটিং (১৫ বলে অপরাজিত ৩৭) রাওয়ালপিন্ডিজকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেয়। শেষ পাঁচ ওভারে ৬১ রান তুলে দলটি দাঁড় করায় ১৬৬ রানের লক্ষ্য। আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে তবে সমতল উইকেটে এই রান মুলতান সুলতানসের জন্য খুব বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়নি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন স্টিভেন স্মিথ। বেন সিয়ার্সকে টানা বাউন্ডারিতে চাপে ফেলেন তিনি। পাওয়ারপ্লের শেষদিকে আবারও আঘাত হানেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। ইনিংসের নবম ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। সেই ওভারে একটি চার ও টানা তিনটি ছক্কা হাঁকিয়ে রাওয়ালপিন্ডিজের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করেন স্মিথ। মাত্র ২৭ বলে তুলে নেন অর্ধশতক, শেষ পর্যন্ত ৩১ বলে ফিফটি করে দলের জয়ের ভিত গড়ে দেন। স্মিথ ও জশ ফিলিপ দ্রুত ফিরলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই সুলতানসের নিয়ন্ত্রণে। এরপর শান মাসুদ ও অধিনায়ক অ্যাশটন টার্নার ধীরস্থির ব্যাটিংয়ে চাপ সামাল দেন। ১৭তম ওভারে মোহাম্মদ আমিরকে টানা তিনটি বাউন্ডারি মেরে জয়ের সমীকরণ সহজ করে দেন টার্নার। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টিমেট ওভারে, তবে ফল নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। একটি লেগ সাইডের ওয়াইড বলেই আসে জয়ের রান, যা রাওয়ালপিন্ডিজের পুরো আসরের চিত্রটাই যেন প্রতিফলিত করে। আরও পড়ুন: আইসিসি ছাড়ছেন ওয়াসিম খান এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মুলতান সুলতানস। আর রাওয়ালপিন্ডিজ পার করে আরেকটি হতাশার রাত।

Go to News Site