Somoy TV
শেরপুর সদরে অবৈধভাবে পাচারকালে ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জিয়াউর রহমান (৪৮) ও রবিন মিয়া (২৩)। তারা শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে একটি অসাধু চক্র ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং পরে বেশি দামে তা খোলা বাজারে গোপনে বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ব্যাটারিচালিত একটি ভ্যানে চারটি ড্রামের মধ্যে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডিজেলসহ দুই জনকে আটক করে পুলিশ। আরও পড়ুন: নেত্রকোনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের জেল এ ঘটনায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের মালিক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘দুই জনকে আটক করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Go to News Site