Collector
এমবাপ্পে-ভিনির গোলে চার ম্যাচ পর জয় পেল রিয়াল | Collector
এমবাপ্পে-ভিনির গোলে চার ম্যাচ পর জয় পেল রিয়াল
Somoy TV

এমবাপ্পে-ভিনির গোলে চার ম্যাচ পর জয় পেল রিয়াল

চার ম্যাচের জয়খরা কাটিয়ে আবারও হাসল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের গোলে আলাভেসকে হারিয়ে ঘুরে দাঁড়াল স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়ে আনলো লস ব্লাঙ্কোসরা।সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সহজ হলেও রিয়ালের জন্য ম্যাচটি ছিল পুনরুত্থানের। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি। লা লিগাতেও টানা দুই ম্যাচে জয়হীন ছিল তারা। জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করার আগে মায়োর্কার কাছে হেরেছে ২-১ ব্যবধানে। এদিনও শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। প্রথম দিকেই কয়েকবার রিয়াল রক্ষণে চাপ তৈরি করে আলাভেস। গ্যালারিতে অস্থিরতা বাড়তে থাকে, মাঝে মধ্যে শোনা যায় অসন্তোষের শব্দও। তবে ৩০ মিনিটে ম্যাচের গতিপথ বদলে দেন এমবাপ্পে। তার নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষককে পরাস্ত করে। এটি ছিল ফেব্রুয়ারির পর তার লা লিগায় প্রথম গোল, চলতি মৌসুমে তার গোলসংখ্যা এখন ২৪। আরও পড়ুন: বার্নাব্যুতে পরিবর্তনের ইঙ্গিত, রিয়ালের রাডারে পচেত্তিনো দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ৫০ মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আগের ছয় ম্যাচে গোল পাননি। ইনজুরি সময়ের শেষ দিকে একটি গোল শোধ করে আলাভেস। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রিয়ালের হাতে। ম্যাচে একটি দুশ্চিন্তাও যোগ হয় রিয়ালের শিবিরে। বিরতির ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও। ক্লাব সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার চোট গুরুতর নয়। আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে মহাধস! বেলিংহ্যাম-ভিনিসিউসদের মূল্য কমল ১৭৬ মিলিয়ন ইউরো এদিকে তলানির দিকে থাকা আলাভেসের জন্য এটি আরও একটি হতাশার রাত। তারা শেষ ৯ ম্যাচে জিতেছে মাত্র একটিতে, যদিও মার্চে তারা সেল্টা ভিগোকে হারিয়েছিল। অন্যদিকে ৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

Go to News Site