Somoy TV
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন নোবিপ্রবি ইএসডিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।গত শনিবার (১৮ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অ্যালামনাইদের বহুল প্রত্যাশিত সংগঠন অবশেষে তার প্রথম নেতৃত্ব পেয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি, আলোচনা এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার পর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে নোবিপ্রবি ইএসডিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম আহ্বায়ক কমিটি। অ্যাসোসিয়েশনের প্রধান পরামর্শক ও ইএসডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুজ্জামান বিভাগের শিক্ষকদের পরামর্শ এবং সাবেক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে আগামী ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে প্রথম আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সোভেল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী তানভীর নেওয়াজ পিয়াস। নব মনোনীত কমিটির প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. সোভেল আহসান চৌধুরী বলেন, ‘আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মান এর বিষয়। এটি শুধু একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা নয় বরং ঐক্য, দায়িত্ববোধ এবং সম্মিলিত অবদানের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি ও অর্থবহ প্ল্যাটফর্মের সূচনা।’ তিনি আরও বলেন, ‘অ্যালামনাইরাই আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য এবং ভবিষ্যৎ। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং বৃহত্তর সমাজের মধ্যে একটি শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব।’ আরও পড়ুন: জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাইর আহ্বায়ক মনোয়ারুল, সদস্য সচিব জহুরুল আশাবাদ ব্যক্ত করে সোভেল বলেন, ‘ইএসডিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।’ সাধারণ সম্পাদক তানভীর নাওয়াজ পিয়াস তার প্রতিক্রিয়ায় জানান, অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, জুনিয়রদের দিকনির্দেশনা প্রদান এবং বিভাগের সার্বিক অগ্রগতিতে অবদান রাখাই এ কমিটির মূল লক্ষ্য। তার মতে, এই কমিটির যাত্রা শুরু হওয়ায় সাবেক শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে সাম্প্রতিক গ্র্যাজুয়েটরাও একত্রিত হয়ে এই উদ্যোগকে সফল করতে ভূমিকা রেখেছেন। এ কমিটির মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন সেশন, পুনর্মিলনী এবং বিভাগীয় সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করবে।
Go to News Site