Somoy TV
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের নাম ঘোষণা করা হয়েছে। তালিকা প্রকাশের পর তাকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে কে মাহবুবা হাকিম?মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তার পরিচিতি তুলে ধরা হয়েছে। দলটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাদের মনোনীত প্রার্থী মাহবুবা হাকিম একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ এবং দ্বীনি খিদমতে নিয়োজিত সমাজসেবী। তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক সচেতন ও আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা হাকিম শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে মাহবুবা হাকিম টেক্সটাইল খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান—টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে তার রয়েছে বিশেষ দক্ষতা। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল ১১ দলীয় নির্বাচনী ঐক্য বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে কোরআনের খিদমতে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনে মাহবুবা সেরা আবৃত্তিকার, বিতার্কিক ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন একজন প্রখ্যাত মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক।
Go to News Site