Somoy TV
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, ‘আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ তিনি আরও লিখেছেন, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি আন্তরিকভাবে আশা করি যে উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখবে এবং সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করা সম্ভব হবে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন করা হয়েছে, যাতে দেশটির নেতারা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের এ প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং অন্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়া এবং আলোচনা কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একে উত্তেজনা প্রশমনে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
Go to News Site