Somoy TV
চানাচুরের প্যাকেটে হেরোইন ও গাঁজা; এভাবেই অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় অর্ধকোটি টাকার মাদক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালায় পুলিশ। সেখানে টেইলার্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া যায় মনো নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায়, হেরোইন ও গাঁজা বিক্রির জন্য তিনি চানাচুরের প্যাকেট ব্যবহার করতেন, যাতে সহজে ধরা না পড়ে। ওই দোকান ও বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, চালকের ছদ্মবেশে থাকা স্বামী-স্ত্রী আটক ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, টেইলার্স ব্যবসার আড়ালে মনো দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করত। চানাচুরের প্যাকেটের ভেতরে করে লাখ লাখ টাকার মাদক রাখা হত। বিশেষ করে হেরোইন বহন করতে মনো ব্যবহার করত চানাচুরের প্যাকেট। এরপর ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মো. জুয়েল রানা আরও বলেন, এলাকাটিতে ছোট-বড় মিলিয়ে বহু মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শাশুড়ির বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিভিন্ন অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত ৬ জনকে আটক করে পুলিশ।
Go to News Site