Collector
সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা | Collector
সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা
Jagonews24

সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ঢাকাসহ সারা দেশে গণপরিবহনে অঘোষিতভাবে ভাড়া বাড়িয়েছেন বাসচালক ও তাদের সহকারীরা। এ নিয়ে তাদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা প্রায় ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে পরিবহন মালিকদের এ নির্দেশনা দিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়, সরকার কর্তৃক বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। সেই সঙ্গে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির মেইনটেন্যান্স খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও দাবি জানিয়েছেন সাইফুল আলম। ইরানের হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানির বাজার। বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চলছে তীব্র সংকট। এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়ালেও শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এমএমএ/এসএনআর

Go to News Site