Somoy TV
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল নয়টায় হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের পর তারা পুনরায় যার যার কর্মস্থলে যোগ দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের ওপর ধারাবাহিক হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও দাবি পূরণের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।ইন্টার্ন ডাক্তার সোসাইটি সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে হাসপাতালে চিকিৎসকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। রোববার (১৯ এপ্রিল) রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের মাধ্যমে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এরপর সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা ও ‘মব’ (উত্তেজিত জনতা) করার ঘটনা ঘটে।এই ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মঙ্গলবার সকাল নয়টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন চিকিৎসকরা এবং একই সাথে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়।বুধবার সকালে সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, কর্মস্থলে নিরাপত্তা ও হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার মতো তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই আশ্বাসের ভিত্তিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন: রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরারামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আবার কাজে ফিরেছেন। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তারা কাজে ফেরায় হাসপাতালের চিকিৎসা সেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।কর্মবিরতি চলায় গত ২৪ ঘণ্টা হাসপাতালে আসা সাধারণ রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তবে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা ডিউটিতে ফেরায় জরুরি বিভাগসহ সব ওয়ার্ডে পূর্ণোদ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
Go to News Site