Somoy TV
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালিয়াতি করে সনদ বিতরণের অভিযোগে পৌরসভার এক কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় জালিয়াতিতে সহায়তার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার প্রশাসক ও ইউএনও নাজিয়া হোসেন এই আদেশ দেন।অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার কর্মচারী মাইদুল ও উপজেলা সদরের ‘সামিয়া টেলিকম’-এর স্বত্বাধিকারী আবু সায়েম দীর্ঘদিন ধরে একটি চক্র হিসেবে কাজ করছিলেন। তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষের কাছে জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্র বিতরণ করতেন, যেখানে পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করা হতো।গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অভিযান চালান ইউএনও। অভিযানে জালিয়াতির প্রমাণ মেলায় ‘সামিয়া টেলিকম’ নামের দোকানটি সিলগালা করে দেওয়া হয়। পরে অভিযুক্তরা তাঁদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।আরও পড়ুন: গাজীপুর সিটিতে স্বাক্ষর জাল করে জাহাঙ্গীরের ঘনিষ্ঠকে পুনর্বাসন চেষ্টার অভিযোগএ ঘটনায় পৌর কর্মচারী মাইদুলকে সরকারি কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির দায়ে তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে এবং জালিয়াতিতে সহযোগিতার দায়ে ব্যবসায়ী আবু সায়েমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পৌর প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, জালিয়াতির অভিযোগে একজনকে বরখাস্ত ও অন্যজনকে জরিমানা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পৌরসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
Go to News Site