Somoy TV
হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে ইরান গুলি চালিয়েছে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসলামাবাদে দ্বিতীয় আলোচনা না হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।প্রতিবেদনে বলা হয়, তেহরানের কাছ থেকে একটি ‘একীভূত প্রস্তাবের’ অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অনির্দিষ্টকালের জন্য’ বাড়িয়ে দেয়ার কয়েক ঘণ্টা পরেই ইরান ওই জাহাজে হামলা চালাল। এদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক যান চলাচল সংস্থা (ইউকেএমটিও) অনুসারে, বুধবার (২২ এপ্রিল) ভোরে হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনারবাহী জাহাজ ইরানের একটি গানশিপের হামলার শিকার হয়েছে।সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একটি গানবোট জাহাজটির কাছে আসে এবং কোনো রেডিও সতর্কবার্তা না দিয়েই জাহাজটির ওপর গুলি চালায়। এতে জাহাজের ব্রিজের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।অন্যদিকে, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার ব্যাপারে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং উভয় দেশই সতর্ক করেছে যে, কোনো চুক্তি না হলে তারা পুনরায় লড়াই শুরু করতে প্রস্তুত।আইআরজিসি আরও জানায়, সকাল ৭ টা ৫৫ মিনিটের দিকে জলপথে কন্টেইনার জাহাজটিতে হামলা চালানো হয়।এর আগে রোববার হরমুজে একটি ইরানি জাহাজকে আটক করে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে ‘আগ্রাসন’ উল্লেখ করে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করে ইরান।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম, উভয়কেই গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বলে মনে করা হয়, এবং তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।ফার্স আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে যে, ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ ‘আইনসম্মতভাবে বলবৎ’ করছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ প্রবেশপথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস চলাচল করে। সূত্র: সিএনএন
Go to News Site