Jagonews24
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিনেমার রঙিন দুনিয়ায় হাসি আনন্দে দিন কাটানো মানুষটি এখন করুণ দিনযাপন করছেন। সপ্তাহে দুই দিন কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জয় চৌধুরী। জাকির হোসেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির হোসেন তার কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। অসংখ্য সিনেমার গানে নৃত্য বিন্যাস করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। জয় চৌধুরী বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে থেরাপি নিচ্ছেন। বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই তার পাশে আছি। যে কোনো প্রয়োজনে সাহায্য করব।’ জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন জাকির হোসেন। পরিবার ও ঘনিষ্ঠজনেরা তার পাশে রয়েছেন। এ কঠিন সময়ে সহকর্মীরাও মানসিকভাবে তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এমআই/এলআইএ
Go to News Site