Somoy TV
৪৩ লাখ টাকা দিয়েও ইতালির বদলে লিবিয়ায় বন্দি হয়ে আছেন মাদারীপুরের এক যুবক। দালালচক্রের নির্যাতনের শিকার ওই যুবকের গত ১৮ দিন ধরে কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ সন্তানের সন্ধান ও মানবপাচারকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।বুধবার (২২ এপ্রিল) দুপুরে মাদারীপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিখোঁজ আলভী খান (২৫) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। অভিযুক্ত রাতুল হাওলাদার (২৮) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে। স্বজনরা জানান, সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের যুবক আলভীকে সরাসরি বিমানে করে ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রাতুল হাওলাদার। ২১ লাখ টাকায় চুক্তি হওয়ার পর ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে আলভীর পরিবার। এর চারদিন পর ১৯ অক্টোবর আলভীকে আকাশপথে সৌদি আরব নিয়ে যায় রাতুলসহ দালালচক্রের সদস্যরা। পরে সেখান থেকে দালালচক্র তাকে লিবিয়ায় নিয়ে বন্দি করে রাখে। আরও পড়ুন: মুক্তিপণের ৫০ লাখ টাকা দিয়েও বাঁচল না জহিরুল লিবিয়ায় আটকে রেখে ওই যুবককে নির্যাতন করা হয় এবং অডিও ভয়েস পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ছেলের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে আলভীর পরিবার গত ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা মুক্তিপণ দেয়। এরপর দালালচক্র আবারও মুক্তিপণ দাবি করলে পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল থেকে আলভীর সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। নিরুপায় হয়ে আলভীর বাবা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রাতুলসহ ৬ জনের নামে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। ছেলের সন্ধানের পাশাপাশি দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আলভী নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি রাতুল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
Go to News Site