Collector
কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি | Collector
কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
Jagonews24

কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছরা ঢালা থেকে ইউপি সদস্য রুস্তম আলীকে (৩৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। বুধবার (২২ এপ্রিল) ভোর ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃত রুস্তম আলী রামুর ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এদিকে অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য রুস্তম আলী সঙ্গীসহ মোটরসাইকেল করে ঈদগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় অপহরণকারীরা পানেরছড়া এলাকায় তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় । অপহরণের কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছরা অংশে দীর্ঘদিন ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। বুধবার আমার সহকর্মী রুস্তম অপহরণের শিকার হয়েছে। খবর পেয়ে সকাল থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। অপহরণকারীরা রুস্তমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়ক এখন ‘আতঙ্কের পথ’-এ পরিণত হয়েছে। দিনে চলাচলে জনপ্রতিনিধি যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ঈদগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খুরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অপহরণের খবর পেয়েই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। আশা করছি সন্ধ্যার মধ্যে একটি ফলাফল আসতে পারে। সায়ীদ আলমগীর/এনএইচআর/এএসএম

Go to News Site