Jagonews24
একবিংশ শতাব্দীতে তথ্য-প্রযুক্তি ও রোবটিক শিল্পে একচ্ছত্র অগ্রগতির পথে এগোচ্ছে চীন। গৃহস্থালি কাজ থেকে শুরু করে বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনায় রোবটকে দক্ষ করে তুলতে দেশটিতে চলছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের মা’আনশান শহরের একটি রোবট প্রশিক্ষণ কেন্দ্রে ‘এমবডিড ইন্টেলিজেন্ট রোবট’-এর প্রশিক্ষণের ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ‘পিপলস ডেইলি অনলাইন’। বুধবার (২২ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে রোবটগুলোকে চা-পাতা থেকে পানি ঢালা, বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ-আনপ্লাগ করা, কাপড় গুছানোসহ বিভিন্ন দৈনন্দিন কাজ শেখানো হচ্ছে। স্টার্টআপ একটি প্রতিষ্ঠান এই কেন্দ্রটি পরিচালনা করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে কাজ করে। এটি ‘টিউরিং টাউন’ নামক একটি এআই-কেন্দ্রিক শিল্পাঞ্চলে অবস্থিত, যা মা’আনশানের ইয়ুশান জেলার অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে গড়ে তোলা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি মূলত রোবটদের জন্য একটি ‘প্রশিক্ষণ স্কুল’ হিসেবে কাজ করে। এখানে শিল্প কারখানা, বাড়ি, দোকান ও অফিসের মতো বাস্তব পরিবেশের সিমুলেশন তৈরি করে রোবটদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রটি নিজস্ব ডেটা সংগ্রহ ও ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের মাধ্যমে রোবটগুলোর কার্যক্রমের সেন্সর ডেটা সংগ্রহ করে। এরপর সেই তথ্য বিশ্লেষণ, মান নিয়ন্ত্রণ, অ্যানোনিমাইজেশন এবং লেবেলিং প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমানের এআই প্রশিক্ষণ ডেটাসেটে রূপান্তর করা হয়। এই ডেটাসেট ভবিষ্যতে রোবটদের আরও স্বয়ংক্রিয় ও দক্ষভাবে কাজ করার সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ধাপ ইতোমধ্যে চালু হয়েছে এবং দ্বিতীয় ধাপ চলতি বছরের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, ইতোমধ্যে তারা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য উচ্চমানের ডেটা সরবরাহ করছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রোবট প্রশিক্ষণ ও বাস্তব কাজে ব্যবহারযোগ্য করে তোলা হবে। কেএম
Go to News Site