Collector
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ | Collector
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ
Somoy TV

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে ওই স্কুলের ফিডিং কর্মসূচির দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে শিক্ষার্থীদের পেট ব্যথা, বমি ও চোখ-মুখ জ্বালাপোড়া দেখা দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষকদের কক্ষেই বিনামূল্যে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের পাউরুটির স্তূপ মেঝেতে পড়ে আছে। প্রথমে শিক্ষার্থীরা ডাস্টবিনে এসব পাউরুটি ফেলতে গেলেও শিক্ষকরা নিষেধ করে। এরপর শিক্ষার্থীরা তাদের টিফিনের জন্য বরাদ্দ হওয়া এসব পাউরুটি মেঝেতে ফেলে দেয়।জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দেয়া টিফিন খেয়ে বমি, পেট ব্যথা ও চোখমুখে জ্বালাপোড়া শুরু হয় শিক্ষার্থীদের। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও। এ সময় ব্যাপক ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে তারা। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজনকে তাদের অভিভাবকরা বাসায় নিয়ে যায়।আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্কুলের ৭ শিক্ষার্থীএ বিষয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লাবিবা আফরিন সময় সংবাদকে জানায়, প্রথমদিকে দেয়া খাবারের মান বেশ ভালোই ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে খুবই নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। কিন্তু আজকে (বুধবার) যে পাউরুটি দেয়া হয়েছে, তা খুবই দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী ছিল।পঞ্চম শ্রেণির ছাত্রী মাশরুফা খাতুন জানায়, টিফিনের বিরতিতে পাউরুটি খাওয়ার পরপরই আমার মতো অনেকেরই পেট ব্যথা শুরু হয়। কারও কারও বমিও হয়। চোখেমুখে জ্বালাপোড়া শুরু হয়। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পাউরুটিগুলো ডাস্টবিনে ফেলতে গেলে বাধা দেয়া হয় এবং শিক্ষকদের রুমে সেগুলো রাখতে বলা হয়।নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানান অভিভাবকরা। অভিভাবক রানী আক্তার সময় সংবাদকে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের পেট ভরানোর জন্য বিনামূল্যে খাবার দেয়া হয়। উল্টো এসব খাবার খেয়ে যদি তারা অসুস্থ হয়, তাহলে বিষয়টি হতাশাজনক। প্রশাসনের কাছে আকুল আবেদন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।’আরও পড়ুন: মাদারীপুরে বিনামূল্যের টিফিন খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠনশংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত হোসেন ও শামসুন্নাহার খাতুন জানান, কয়েকদিন আগেও নিম্নমানের খাবার সরবরাহের বিষয়টি ওই এনজিওর লোকদের জানানো হয়েছিল। এরপরও আজকে দুর্গন্ধযুক্ত পাউরুটি সরবরাহ করায় বিভিন্ন শ্রেণির অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এমনকি বাকিরাও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের অনেকের পেট ব্যথা ও বমি হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য পাওয়া যায়নি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’-এর। অফিসে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা।এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সময় সংবাদকে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে সরেজমিনে পাঠানো হয়েছে। তদন্ত সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম-গাক ৪১ হাজার ১৩৮ শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে।

Go to News Site