Jagonews24
ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় চাপে পড়ে উত্তরাঞ্চল। এরপর আকবর আলী ও প্রিতম কুমার মিলে গড়েন ম্যারাথন জুটি। দুজনের ব্যাটেই আসে সেঞ্চুরি, মোড় ঘুরে যায় ম্যাচের। একই দিনে মুশফিকুর রহিম ও অমিত হাসানের ব্যাটে জয়ের ভালো অবস্থানে আছে পূর্বাঞ্চল। বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় দিনে দক্ষিণাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন আকবর ও প্রিতম। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন প্রিতম। ১৮৪ বলে ১৬টি চার ও ২টি ছক্কায় ১৫১ রানে অপরাজিত আছেন তিনি। আর ১৫৮ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২১ রান করে আউট হন উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলি। এতে করে দ্বিতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের চেয়ে ৬৫ রানে এগিয়ে আছে উত্তরাঞ্চল। আগে ব্যাট করে দক্ষিণাঞ্চল ৩১৪ রানে অলআউট হয়। জবাবে উত্তরাঞ্চল দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ৩৭৯ রান তুলে। বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। সকালে দ্রুতই ফেরেন আব্দুল্লাহ আল মামুন (১৫), সাব্বির হোসেন (১৮) ও ইকবাল হোসেন (৯)। মাত্র ৫৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর আকবর ও প্রিতম মিলে গড়েন ২৩৩ রানের বিশাল জুটি। আকবরের আউটে ভাঙে তাদের জুটি। তবে আকবর ফিরলেও অন্য প্রান্ত আগলে রাখেন প্রিতম। তবে তাকে সঙ্গ দিতে পারেননি এসএম মেহেরব হাসান (২) ও তানবীর হায়দার (১৯)। দিনের শেষদিকে অবশ্য সানজামুল ইসলামকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি তিনি। দু’জনে মিলে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ৪৯ রান। সানজামুল দিন শেষ করেছেন ৩৯ বলে ২২ রানে। দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে ৬৪ রানে পিছিয়ে রয়েছে পূর্বাঞ্চল। তবে অমিত হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভালো অবস্থানেই আছে দলটি। দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ২৪৩ রান। এর আগে প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। বুধবার ৬ উইকেটে ২৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। তবে দিনের দ্বিতীয় ওভারেই আউট হন আগের দিন ৯০ রান করা পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। নতুন দিনে কোনো রান যোগ করতে পারেননি তিনি। তরুণ উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলিও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামেন। ৯টি চার ও ১টি ছক্কায় ১৮২ বলে ৮৬ রান করে আউট হন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় দিনে মাত্র ৩৫ রান যোগ করতে পেরেছিল মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে বল হাতে দারুণ ছিলেন ইবাদত হোসেন চৌধুরি। ৫৪ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া তোফায়েল আহমেদ ৩১ রানে শিকার করেন ৩ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পূর্বাঞ্চলেরও। জাকির হাসান (১৩) ও মুমিনুল হক (১৫) দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও অমিত হাসান মিলে গড়েন ৬৫ রানের জুটি। ১০ চার ও ১ ছক্কায় ৮৬ বলে ৬৪ রান করে আউট হন জয়। এরপর আর কোনো বিপদ হতে দেননি অমিত ও মুশফিক। দুজন মিলে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেছেন ১১৫ রান। দিন শেষে ১৫৭ বলে ৮৮ রানে অপরাজিত আছেন অমিত হাসান, আর ৮৩ বলে ৫৯ রান করে নতুন দিনের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। এসকেডি/আইএইচএস/
Go to News Site