Somoy TV
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেনের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের কাছে দলের দুই নেত্রীর বিষয়ে অবস্থান তুলে ধরেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আইনি জটিলতা তৈরি হওয়ায় আমরা বিকল্প একজনকে মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু মাত্র স্থগিত এবং বাতিল হলো, তবে আপিল ও রিটের সুযোগ রয়েছে। আশা করি সমাধান হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের লিগ্যাল টিম কাজ করছে। জাতীয় নির্বাচনে দেখেছি কীভাবে বিদেশি নাগরিক ও ঋণ খেলাপিরা অংশ নিয়েছেন। তখন ইসি অসহায়ের মতো বলেছে যে আমাদের বুকে পাথর চাপা দিয়ে দিতে হয়েছে। এমন কথাও তখন আমরা শুনতে পেয়েছি। সেটা খুবই দুঃখজনক। তবে তিন বছরের জটিলতা ঋণ খেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনো জটিলতা নয়। এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিয়ম নিতির প্রতি শ্রদ্ধাশীল। সে জায়গা থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে চূড়ান্ত আইন অনুযায়ী, সেটাই মেনে নিবো। সেক্ষেত্রে, অন্যান্য অপশন নিয়ে আমরা কাজ করবো।’ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তা বাতিল করে কমিশন। অপরদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা ঝুলে গেছে আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেয়ার তিন বছর পার না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছিলেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। অর্থাৎ তার চাকরি ছাড়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এদিকে, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতির দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার উত্তেজনা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। এ সময় উভয় পক্ষকে মাথায় হেলমেট পরে এবং হাতে কিরিচসহ অন্যান্য ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে দেখা যায়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ বিষয়ে এনসিপির মুখপাত্র বলেন, ‘চট্টগ্রামসহ সব ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক। ছাত্র রাজনীতি মেধার দিক থেকে প্রতিযোগিতার রাজনীতিতে পরিণত হোক। বিভিন্ন ক্যাম্পাসে বড় দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে শীতলযুদ্ধের মতো পরিস্থিতি রয়েছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার শীতলযুদ্ধ সহিংসতার পর্যায়ে নিয়ে যাবেন না।’ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইমরানের বিষয়ে তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক মাসেরও বেশি সময় এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সার্বিক খোঁজখবর নেয়ার জন্যই হাসপাতালে আসা।’ এনসিপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের ওয়েজ বোর্ড, বেতন কাঠামো থেকে শুরু করে সব সমস্যা নিয়েই আমরা কথা বলে আসছি। সাংবাদিকদের ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য হাউজগুলোতে আমরা কথা বলেছি।’
Go to News Site