Collector
চার মাসেই চেলসি অধ্যায় শেষ হলো রসেনিয়রের | Collector
চার মাসেই চেলসি অধ্যায় শেষ হলো রসেনিয়রের
Somoy TV

চার মাসেই চেলসি অধ্যায় শেষ হলো রসেনিয়রের

লিয়াম রসেনিয়র চেলসির দায়িত্বে থাকছেন কি না, নাকি এফএ কাপের আগেই তাকে বিদায় জানানো হবে— এ নিয়ে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের সম্মতিতে বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। মাত্র চার মাস আগে দায়িত্ব নেওয়া এই ইংলিশ কোচের সঙ্গে চেলসির ছয় বছরের চুক্তি থাকলেও সেই অধ্যায় শেষ হয়ে গেলো দ্রুতই।রসেনিয়রের অধীনে ২৩ ম্যাচে চেলসির পারফরম্যান্স ছিল হতাশাজনক— ১১টি জয় থাকলেও ১০টি হার এবং ২টি ড্র তাদের অবস্থানকে দুর্বল করে দেয়। চেলসির কোনো স্থায়ী কোচের মধ্যে এটি অন্যতম খারাপ পরিসংখ্যান হিসেবে বিবেচিত হচ্ছে।  গত মাসে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৫-২ গোলের পরাজয়ের পর থেকেই দলটির ছন্দপতন স্পষ্ট হয়ে ওঠে। এর পরিণতিতে টানা পাঁচ ম্যাচে কোনো গোল করতে না পেরে হারের মুখ দেখতে হয়েছে— যা ১৯১২ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো এমন হতাশাজনক রেকর্ড। আরও পড়ুন: বিশ্বকাপের বাকি ৫০ দিন: আলোচনায় ৫টি গুরুত্বপূর্ণ ইস্যু  সবশেষ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে পরাজয়ের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার ক্লাব কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘স্ট্যান্ডার্ড স্পোর্ট’-এর তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী ইংলিশ কোচ লিয়াম রসেনিয়রের ভবিষ্যৎ নির্ধারণে দিনভর একাধিক দফায় আলোচনা চালান নীতি-নির্ধারকরা।   সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল হতাশাজনক— শেষ আট ম্যাচের সাতটিতেই হার এবং টানা পাঁচ ম্যাচে পরাজয় চেলসিকে ছিটকে দিয়েছে শীর্ষ প্রতিযোগিতার লড়াই থেকে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও এখন অনেকটাই ক্ষীণ।  আরও পড়ুন: লারসন থেকে রিভালদো— এবার কি সেই তালিকায় যোগ হবেন রোনালদো? জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর এতদিন দল বা ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, এবার প্রথমবারের মতো হারের দায় সরাসরি খেলোয়াড়দের ওপর চাপান রসেনিয়র। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সকে তিনি ‘অগ্রহণযোগ্য’ ও ‘অমার্জনীয়’ বলে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী, ম্যাচে তার দল প্রায় ৮০ শতাংশ বল দখলের লড়াইয়ে হেরে গেছে এবং খেলোয়াড়দের মধ্যে প্রয়োজনীয় লড়াইয়ের মানসিকতার ঘাটতি ছিল স্পষ্ট।  এদিকে মঙ্গলবার ব্রাইটনের মাঠে উপস্থিত ছিলেন চেলসির সহ-মালিক বেহদাদ এগবালি এবং স্পোর্টিং ডিরেক্টর পল উইনস্ট্যানলি। ম্যাচ চলাকালীন সময়েই ক্ষুব্ধ সমর্থকেরা কোচের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি ‘ব্লু-কো’ মালিকানাধীন গোষ্ঠীর বিরুদ্ধে ব্যানার প্রদর্শন করে তাদের ক্লাব ছাড়ার দাবিও জানান।

Go to News Site