Somoy TV
জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড় থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।স্থানীয় বাসিন্দা ও বকশীগঞ্জ থানার পুলিশ বলছেন, বিকেল চারটার দিকে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৫০) প্রতিবেশী সাদা মিয়ার পুকুরপাড়ে ছাগল চড়াতে যান। এ সময় তিনি লোহাসদৃশ একটি ভারি বস্তু পড়ে থাকতে দেখে সেটিকে সাধারণ লোহার টুকরো মনে করে কুঁড়িয়ে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেয়ার পর তার ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে মর্টারশেল বলে সন্দেহ করেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত বস্তুটি বাড়ির বাইরে নিয়ে গিয়ে গ্রামের একটি খোলা স্থানে রেখে স্থানীয়দের বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আরও পড়ুন: জামালপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি একটি পুরনো মর্টারশেল বলে ধারণা করা হচ্ছে। এটি সক্রিয় কি না, তা নিশ্চিত নয়। ঘাটাইল সেনাবাহিনী বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী উল্লেখ্য, বকশীগঞ্জের কামালপুর সীমান্ত এলাকা মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি সে সময়কার অবিস্ফোরিত মর্টারশেল হতে পারে।
Go to News Site