Jagonews24
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও হোমিওপ্যাথি চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে তাথৈ বিশ্বাস (৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তাথৈ বিশ্বাস আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা চঞ্চল বিশ্বাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তাথৈ তার একমাত্র মেয়ে ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর-পাগল প্রায় বাবা-মা ও স্বজনরা। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। পহেলা বৈশাখের অনুষ্ঠানে সেজেছিল বৌ যা কেবল স্মৃতি স্থানীয় বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্তের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তাথৈ আলফাডাঙ্গা বাজারে বিশ্বাস হোমিও হলের হোমিওপ্যাথি ডাক্তার চঞ্চল বিশ্বাসের একমাত্র কন্যা সন্তান ছিলো। সে আজ পৃথিবীকে কাঁদিয়ে স্বর্গের পাখিতে পরিণত হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। পরিবারটিকে শান্তনা দেওয়া কোনো ভাষা নেই। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমশের উদ্দিন জানান, চার বছর বয়সী তাথৈ বিশ্বাস বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃ্ত্যু হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি কোণে তার স্মৃতি রয়ে যাবে। বিদ্যালয়ের পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেজেছিল বৌ। যা আজ কেবল স্মৃতি। এ মৃত্যু সহ্য করা যায় না। এন কে বি নয়ন/এমআরএম
Go to News Site