Collector
দুবাইয়ে বাংলাদেশি সবজির রাজত্ব, ব্যবসায়ীদের মুখে হাসি | Collector
দুবাইয়ে বাংলাদেশি সবজির রাজত্ব, ব্যবসায়ীদের মুখে হাসি
Somoy TV

দুবাইয়ে বাংলাদেশি সবজির রাজত্ব, ব্যবসায়ীদের মুখে হাসি

সংযুক্ত আরব আমিরাতের বাজারে আবারও বাড়ছে বাংলাদেশি কাঁচা শাকসবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কিছুটা কাটিয়ে ওঠার পর দেশটির বিভিন্ন বাজারে ফিরেছে দেশীয় শাকসবজির রমরমা উপস্থিতি। বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরাও আবার বিপুল পরিমাণে শাকসবজি আমদানি শুরু করেছেন।বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা চড়া দাম হলেও দেশীয় শাকসবজি কিনতে আগ্রহী হচ্ছেন। আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটে এখন প্রায় প্রতিদিনই এমন দৃশ্য দেখা যাচ্ছে। কিছুদিন আগে উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাজারে বাংলাদেশি শাকসবজির সাময়িক ঘাটতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা ফিরে এসেছে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে ব্যবসা কিছুটা ধীরগতির ছিল। তবে তারা আশাবাদী, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে এবং ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। কেনাকাটা করতে আসা এক প্রবাসী বলেন, তিনি রান্না করতে ভালোবাসেন এবং নিয়মিত বাজার করেন। এখানে এখন তাজা কচু, ভেন্ডি, লাল শাকসহ বিভিন্ন ধরনের দেশীয় সবজি পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: প্রবাসে ব্যবসার দিগন্ত খুলছে, সৌদিতে নতুন সম্ভাবনায় বাংলাদেশিরা যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন করে ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তুলছেন। অনেক ব্যবসায়ী তাদের দোকানে বাংলাদেশি পণ্যের মজুত বাড়াচ্ছেন। মাছ, মাংস, কাঁচা শাকসবজির পাশাপাশি গার্মেন্টস পণ্য, বিভিন্ন ধরনের মসলা ও ফুড আইটেমও যুক্ত হচ্ছে। এক প্রবাসী ব্যবসায়ী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে নিয়মিত ফ্লাইট চালু থাকায় প্রচুর পণ্য আসছে। সবজির পাশাপাশি নতুন করে কাঁঠালও আমদানি শুরু হয়েছে। করলা, মরিচসহ প্রায় সব ধরনের সবজি এখন পাওয়া যাচ্ছে। আমিরাতের সুপারমার্কেটগুলোতে বাংলাদেশি পণ্যের প্রতি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ স্পষ্ট। ব্যবসায়ীদের মতে, যদি সরাসরি জাহাজে পরিবহনের সুযোগ চালু করা যায়, তাহলে দেশটির বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে।

Go to News Site