Collector
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন নিশ্চিতে কমিটি | Collector
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন নিশ্চিতে কমিটি
Jagonews24

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন নিশ্চিতে কমিটি

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত, হাউজিংয়ের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নগরীর চকবাজারের কিশলয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। ‘চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই নিজেদের আবাসন সুরক্ষা ও নতুন আবাসন সুবিধা তৈরির লক্ষ্যে সবাইতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নয়া বাংলা পত্রিকার পরিচালনা সম্পাদক বি এম মনজুর এলাহী খোকনকে আহ্বায়ক ও দ্য ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম শিমুলকে সদস্যসচিব করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাব এডিটর আবসার মাহফুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ, গাজী টিভির ব্যুরো প্রধান মো. তৌহিদুল আলম, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান এ কে আজাদ, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার। এমডিআইএইচ/ইএ

Go to News Site