Collector
গণপরিবহনে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কতোটুকু? | Collector
গণপরিবহনে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কতোটুকু?
Somoy TV

গণপরিবহনে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কতোটুকু?

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। লোডশেডিংয়ে কাবু জীবন - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান জ্বালানিসংকট এখন সরাসরি আঘাত হানছে বিদ্যুৎ খাতে। আর তার সবচেয়ে তীব্র প্রভাব পড়ছে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকার পরও গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে বিদ্যুতের চাহিদা ও সরবরাহে বড় ঘাটতি দেখা দিচ্ছে।  গতকাল বুধবার দিনের বেলা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ দুই হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুতের বিশাল এই ঘাটতি পূরণ করা হচ্ছে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিংয়ের মাধ্যমে। যার কারণে রাজধানী ঢাকায় এখনো তুলনামূলকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে। দেশের বিভিন্ন জেলার গ্রামগুলোতে এখন দিনে-রাতে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন/ ভোটের জন্য প্রস্তুত ১৪০০ প্রতিষ্ঠান - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারের এক হাজার চারশর বেশি প্রতিষ্ঠান নির্বাচনের জন্য এরই মধ্যে উপযুক্ত। এসব নির্বাচন আয়োজনে আইনগত কোনো বাধা নেই। সীমানা বা মামলাজনিত জটিলতাও নেই। নির্বাচন কমিশন (ইসি) চাইলে এসব প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে পারে। অনেক প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণার যে সময়সীমা আইনে উল্লেখ রয়েছে, তা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারা কমিশন সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত যে তথ্য পাঠিয়েছেন, সেখানে এমন চিত্র উঠে এসেছে।  ইসি সূত্র বলছে, এসব নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ইসিকে চিঠি দেয়নি। এ কারণে ইসিও তফসিল ঘোষণা করতে পারছে না। সরকারের সবুজ সংকেত পেলে নির্বাচন আয়োজনের পর্দা উন্মোচন হবে। স্থানীয় সরকারের কোন নির্বাচন আগে হবে, সেটিও জানিয়ে দেবে ইসি। তবে প্রস্তুতিতে পিছিয়ে নেই ইসি। সরকার বলামাত্রই তফসিল ঘোষণা করতে বেশি সময় নেবে না।আড়াই লাখ পুলিশের মানসিক স্বাস্থ্যের যত্নে নেই কোনো চিকিৎসক - দৈনিক বণিক বার্তার প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৯ জুন পটুয়াখালী পুলিশ ব্যারাক থেকে তৃষা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাত্র বছর দুয়েক আগে চাকরিতে যোগদান করা ওই নারী পুলিশ কনস্টেবলের কক্ষ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়ার কথা জানায় পুলিশ। ওই চিকিৎসাপত্রে আত্মহত্যার প্রবণতার কথা লেখা ছিল।চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হননি, এমনকি বিষয়টি কাউকে জানাননি। পুলিশ সদস্যদের মধ্যে এমন মানসিক অবসাদ বা হতাশাগ্রস্ততা নতুন কিছু নয়। দীর্ঘ ডিউটি এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ফলে অনেক পুলিশ সদস্য মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এ ধরনের পুলিশ সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা জরুরি। তবে প্রায় আড়াই লাখ সদস্যের বিপরীতে বাহিনীতে নেই কোনো স্থায়ী সাইকিয়াট্রিস্ট। দ্রুত সাইকিয়াট্রিস্ট নিয়োগ এবং বিভাগভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাসমৃদ্ধ হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আছে রাজধানী ঢাকাও। কয়েক দিন ধরে গরমের সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। কিন্তু জ্বালানির অভাবে চাহিদামতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি। বাড়ছে লোডশেডিংও।  বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের মূল সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ (পিজিসিবি) বলছে, গত মঙ্গলবার সর্বোচ্চ লোডশেডিং হয়েছে রাত ১২টার সময়-২ হাজার ১৬৮ মেগাওয়াট। আর দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ২ হাজার মেগাওয়াট। গতকাল বুধবার দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং বেড়ে হয়েছে প্রায় আড়াই হাজার মেগাওয়াট। রাতে এটি আরও বাড়তে পারে।গণপরিবহনে ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কতোটুকু? - দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেলের দাম বাড়লেই বাড়ে গণপরিবহনের ভাড়া। যখন ডিজেলের দাম কমে, তখন আর কমে না ভাড়া- এমন অভিযোগ দীর্ঘদিনের। ডিজেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ফের ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন পরিবহন মালিকরা। তবে বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তারা বলছেন- ২০২২ সালে ডিজেলের দাম ৩৪ টাকা বাড়ানোর পর গণপরিবহনের ভাড়াও বাড়ানো হয়। এরপর তেলের দাম ১৪ টাকা কমানো হলেও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। এবার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ালেও পূর্বের বৃদ্ধিকৃত দামের সমানই রয়েছে। তাই এখন গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।   বাংলাদেশে পণ্য ও যাত্রী পরিবহনের বড় অংশই ডিজেলনির্ভর। ট্রাক ও কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ না করলেও নন-এসি বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযোগ রয়েছে, সংস্থাটি কার্যকরভাবে নজরদারি করতে ব্যর্থ হচ্ছে। পোল্ট্রি শিল্প চাপে, কমছে উৎপাদন, বাড়ছে দাম - দৈনিক সমকালের প্রধান শিরোনাম এটি।প্রতিবেদনে বলা হয়েছে, অতিমারি করোনার ধাক্কা, ইউক্রেন যুদ্ধের অভিঘাত কাটিয়ে যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল দেশের পোল্ট্রি শিল্প, তখনই নতুন করে একাধিক সংকট একযোগে আঘাত হেনেছে এই খাতে। জ্বালানি তেলের সাম্প্রতিক দর বেড়ে যাওয়া, দীর্ঘস্থায়ী লোডশেডিং, আমদানিনির্ভর কাঁচামালের দাম বৃদ্ধি, খামার পর্যায়ে রোগবালাই, পরিবহন ব্যয়ের উল্লম্ফন এবং কর-শুল্কের বাড়তি চাপে দেশের অন্যতম বৃহৎ প্রাণিজ প্রোটিননির্ভর এই শিল্প এখন গভীর বিপর্যয়ের মুখে।  এর প্রাথমিক অভিঘাত এরই মধ্যে বাজারে পড়তে শুরু করেছে। ডিম ও মুরগির দাম দ্রুত বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দেশের পুষ্টি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

Go to News Site