Jagonews24
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ সভা শুরু হয়। সড়কমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিবহন মালিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা সহ-সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত কমিটি প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। এখন সভায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়টি চূড়ান্ত করা হবে। প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৪ পয়সা হতে পারে। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হতে পারে ২ টাকা ৩৪ পয়সা। গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। আরএমএম/বিএ
Go to News Site