Collector
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল | Collector
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল
Somoy TV

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেউ সরকারি চাকরিজীবী হলে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে তিন বছর অতিবাহিত হওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। তা পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে গত বুধবার (২২ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেয়ার জন্য আজ বেলা ১২টা পর্যন্ত সময় দেয়া হয়। এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। আরও পড়ুন: এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও একটি বাতিল হয়েছে বলেও জানান মনির হোসেন। তিনি বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’ এদিকে, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

Go to News Site